বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে বিক্ষোভ মিছিল সারা বাংলায় ছাত্রলীগ যুবলীগ আমরা রাজপথে আছি রাজপথে থাকবো রাজাকারদের কোন ঠাঁই” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৮৫ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৬ ডিসেম্বর ‘ভাস্কর্য ইস্যুতে উত্তাল রাজপথ, দেশজুড়ে বিক্ষোভ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২০ সালের ৬ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দেশজুড়ে ছাত্রলীগ, যুবলীগের বিক্ষোভ মিছিলের দাবিতে ২০২০ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

