সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ দাবিতে ইন্দোনেশিয়ার ভিডিও প্রচার

সম্প্রতি, “সংসদ ভবনের সামনে বাংলাদেশ পুলিশ এর ভদ্রতা” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে একদল ব্যক্তিকে পুলিশের ব্যারিকেডে আক্রমণ করতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশের সাথে একদল ব্যক্তির সংঘর্ষের আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি গত বছরে ইন্দোনেশিয়ায় ঘটা আন্দোলনের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘medantau.id’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ৩০ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত উক্ত ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ২০২৫ সালের ২৯ আগস্টে (ইন্দোনেশিয়ার) উত্তর সুমাত্রা ডিপিআরডি ভবনের সামনে এক বিক্ষোভের সময় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এটি সেই ঘটনারই ভিডিও। (অনূদিত)
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২৫ সালের ৩০ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত বছরের ২৯ আগস্টে ইন্দোনেশিয়া ব্যাপক বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। এর একদিন আগে অর্থাৎ ২৮ আগস্ট সন্ধ্যায়, জাকার্তার পার্লামেন্টের কাছে আইন প্রণেতাদের বেতন ও শিক্ষা তহবিল সহ বেশ কয়েকটি ইস্যুতে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছিলেন। তখন সহিংস সংঘর্ষের সময় ২১ বছর বয়সী এক মোটরসাইকেল চালক আফান কুর্নিয়াওয়ান মারা যান। (অনূদিত)
পাশাপাশি, আলোচিত বিষয়ে সেসময়ে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনা বাংলাদেশের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট ইন্দোনেশিয়ার সরকার সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত ভাতা ঘোষণা করে। এই ভাতা রাজধানী জাকার্তার ন্যূনতম মজুরির প্রায় দশগুণের সমপরিমাণ। একই সাথে সরকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ রাস্তায় বিক্ষোভে নামে। এর মধ্যে পুলিশের গাড়ির চাপায় ২১ বছর বয়সী মোটরসাইকেল রাইড-শেয়ার চালক আফফান কুরনিয়াওয়ান নিহত হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
সুতরাং, ইন্দোনেশিয়ার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের পুরোনো ভিডিওকে বাংলাদেশে সংসদ ভবনের সামনে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- medantau.id: Instagram Post
- The Times of India: Indonesia: Protests escalate after death of demonstrator
- BBC News: Protests erupt across Indonesia after ride-share driver killed in demonstration
- The Guardian: Protests erupt in Indonesia over death of man hit by police vehicle
- DW News: Indonesia: Protests escalate after death of demonstrator
- The Guardian: Indonesia protests explained: why did they start and how has the government responded?
- Ittefaq: ইন্দোনেশিয়ায় এক ডেলিভারি রাইডারের মৃত্যু কীভাবে সরকারবিরোধী বিক্ষোভের জন্ম দিল

