বৈরী আবহাওয়ায় গতকাল এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে ফরিদপুরেও। এরই প্রেক্ষিতে, ‘ফরিদপুরে আন্দোলনরত এইচএসসি ২৬ ব্যাচের উপর গুলি চালায় পুলিশ, এবং গুরুতর আহত হয় এক শিক্ষার্থী’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলোর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফরিদপুরে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দাবিটি সঠিক নয়, এবং প্রথম আলোও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলো কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষনে দেখা যায়, এতে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৪ জুলাই, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রথম আলোর ওয়েবসাইটে ঢাকা, বগুড়া, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের বিক্ষোভের খবর দিলেও উক্ত দাবি সংক্রান্ত কোনো সংবাদ দেয়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে এটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
আলোচিত ফটোকার্ডটিতে কথিত হামলায় আহত পরীক্ষার্থীকে কয়েকজনের ধরে নিয়ে যাওয়ার ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স সার্চে নেত্র নিউজের ওয়েবসাইটে ২০২৪ সালের এক প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, এটি সে বছরের ২১ জুলাই আন্দোলনের সময়ের ছবি।

এছাড়া, ফরিদপুরের স্থানীয় একাধিক গণমাধ্যমে আজ সেখানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভের ছবি-ভিডিওসহ খবর (১, ২) প্রকাশ হলেও বিক্ষোভে হামলার কোনো তথ্য মেলেনি।
সুতরাং, ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশের গুলির দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Netra News: I’m a spokesperson for Bangladesh’s student protesters. Here’s our message to the world.
- Rumor Scanner’s Own Analysis


