গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। দেশিয় মূলধারার গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু ভিপি সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের ছবি সংযুক্ত করে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ‘ঢাবি শিবির নেতার কক্ষ থেকে প্রথম আলোর ল্যাপটপ উদ্ধার’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু ভিপি সাদিক কায়েম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের কক্ষ থেকে প্রথম আলোর ল্যাপটপ উদ্ধারের দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘গজবভিশন’ নামের একটি লোগোর সংযুক্তি পাওয়া যায়৷
এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ ডিসেম্বরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। পাশাপাশি, আলোচিত পোস্টটির তারিখ পর্যবেক্ষণ করলে ‘৩৬ জুলাই ২০২৫’ লেখা দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ডাকসু ভিপি সাদিক কায়েম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের কক্ষ থেকে প্রথম আলোর ল্যাপটপ উদ্ধার করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- GojobVision – Facebook Post
- Rumor Scanner’s analysis


