পরিবারসহ বিদেশ চলে যাওয়া নিয়ে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ সংসদীয় আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলামকে উদ্ধৃত করে তার ছবিসহ অনলাইন গণমাধ্যমপ্রতিদিন খবর-এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। প্রচারিত ফটোকার্ডটির শিরোনামে দাবি করা হয়, নাহিদ ইসলাম বলেছেন, ‘কারো চিন্তা নারে আমি বাঁচতে চাই তাই আমার পরিবার নিয়ে যত দ্রুত সম্ভব বিদেশে চলে যাবো।’

এমন দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাহিদ ইসলামকে জড়িয়ে অনলাইন গণমাধ্যম প্রতিদিন খবর এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং নাহিদ ইসলামও আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রতিদিন খবর-এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে অনলাইন প্লাটফর্ম প্রতিদিন খবরের লোগো দেখতে পাওয়া যায়। এরই সূত্র ধরে প্রতিদিন খবরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে নাহিদ ইসলামের মন্তব্য দাবিতে ‘আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য রীতিমত বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে : নাহিদ ইসলাম’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। প্রতিদিন খবরের মূল ফটোকার্ডটিতে ‘আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য রীতিমত বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে : নাহিদ ইসলাম’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘কারো চিন্তা নারে আমি বাঁচতে চাই তাই আমার পরিবার নিয়ে যত দ্রুত সম্ভব বিদেশে চলে যাবো। : নাহিদ ইসলাম’ শীর্ষক বাক্য লেখা দেখতে পাওয়া যায়।

এছাড়াও প্রতিদিন খবরের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, পরিবারসহ বিদেশ চলে যাওয়া নিয়ে নাহিদ ইসলামকে উদ্ধৃত করে প্রতিদিন খবরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Protidin Khabor – Facebook Page
  • Protidin Khabor – Facebook Post
  • Rumor Scanner’s analysis
Share: