সোমবার সারাদেশে গণপরিবহন বন্ধের ঘোষণা আসেনি, সম্পাদিত ফটোকার্ড প্রচার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। এই রায়কে কেন্দ্র করে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে “সোমবার সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে : শ্রমিক ফেডারেশন” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম একুশে টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “সোমবার সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে : শ্রমিক ফেডারেশন” শিরোনামে একুশে টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একুশে টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১৬ নভেম্বর উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে একুশে টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া একুশে টিভির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, ১৬ নভেম্বর “সোমবার সারাদেশে গণপরিবহন চলবে : শ্রমিক ফেডারেশন” শীর্ষক শিরোনামে একুশে টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘সোমবার সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে : শ্রমিক ফেডারেশন’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘সোমবার সারাদেশে গণপরিবহন চলবে : শ্রমিক ফেডারেশন’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, একুশে টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা দেশজুড়ে ‘লকডাউন’ কর্মসূচির তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনটি বলছে লকডাউন হলেও সারা দেশে গণপরিবহন চলবে। ১৬ নভেম্বর রাজধানীর মতিঝিলে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, “সোমবার সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে : শ্রমিক ফেডারেশন” শীর্ষক দাবিতে একুশে টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: