যুবদল নেতা নয়নের নেতৃত্বে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ভুয়া দাবি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও বিএনপিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে গত ৩ নভেম্বর। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “যুবদল নেতা নয়নের নেতৃত্বে..এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর উপর ভয়াবহ হামলা.. বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণেই এই হামলা হয়েছে।”

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সাথে নয়ন বা নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো সম্পর্ক নেই বরং বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীদের সড়ক অবরোধে পুলিশ মোতায়েনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে জাতীয় দৈনিক কালের কণ্ঠের পেজে ২৩ অক্টোবর প্রচারিত একটি লাইভ ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীদের সড়ক অবরোধ, এনসিপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েনের ঘটনার দৃশ্য এটি।
জাতীয় দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। ২৩ অক্টোবর রাত ১১টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন।
পরবর্তী অনুসন্ধানে অন্যান্য গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রগুলোর বরাতেও উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, বিসিএস নন-ক্যাডার প্রত্যাশীদের সড়ক অবরোধে পুলিশ মোতায়েনের ভিডিওকে যুবদল নেতা নয়নের নেতৃত্বে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho: Live Video

