ডাকসু সদস্য রাফিয়া নিজেই বাড়িতে আগুন দিয়েছে দাবিতে কালবেলাকে জড়িয়ে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে “অবশেষে জানা গেলো ভাইরাল হওয়ার জন্য ডাকসু নেত্রী রাফিয়া নিজের বাড়ির গেটে আগুন দেয়” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “অবশেষে জানা গেলো ভাইরাল হওয়ার জন্য ডাকসু নেত্রী রাফিয়া নিজের বাড়ির গেটে আগুন দেয়” শীর্ষক তথ্যে বা শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালবেলার লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২০ নভেম্বর উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালবেলার ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২০ নভেম্বর কালবেলার ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘অবশেষে জানা গেলো ভাইরাল হওয়ার জন্য ডাকসু নেত্রী রাফিয়া নিজের বাড়ির গেটে আগুন দেয়’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালবেলার এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে। ১৯ নভেম্বর রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত হামলাকারী সন্ত্রাসীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, “অবশেষে জানা গেলো ভাইরাল হওয়ার জন্য ডাকসু নেত্রী রাফিয়া নিজের বাড়ির গেটে আগুন দেয়” শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kalbela : Facebook Post

