রাফিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সাজানো বলে মন্তব্য করেননি সামান্তা শারমিন

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে “পরিকল্পিত অগ্নিকাণ্ডের নাটক সাজিয়ে অন্যকে ফাঁসানোর অভিযোগ -এনসিপি নেত্রী সামান্তা” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাফিয়াকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টটির কমেন্টে অডিট নিউজ নামের সাইটের সংবাদের লিংক পাওয়া যায়। কথিত এই সংবাদে দাবি করা হয়, “সামান্তা, গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দাবি করেন যে, তাকে রাফিয়া নির্বাচনে সহানুভূতি পাওয়ার কৌশল সম্পর্কে ফোন করেছিলেন। সামান্তার ভাষ্যমতে, তিনি রাফিয়াকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন; তবে তার দাবি, রাফিয়া ফোনে এমন একটি পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন, যা নিয়ে তিনি উদ্বিগ্ন হন। সামান্তা বলেন, তিনি রাফিয়াকে কোনো ধরনের উসকানিমূলক বা ক্ষতিকর কাজ না করতে অনুরোধ করেছিলেন, এবং ঘটনাটি সংবাদে প্রকাশিত হওয়ার পর তিনি বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন। তবে রাফিয়া বা তার পরিবার এখন পর্যন্ত এসব অভিযোগ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।”
তবে কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে সামান্তা শারমিনের এমন কোনো বক্তব্যের অস্তিত্ব মেলেনি। সামান্তা শারমিন ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও উক্ত দাবি সম্বলিত কোনো পোস্ট পাওয়া যায়নি।
অডিট নিউজ নামের কথিত এই সাইটটি বিশ্লেষণ করে দেখা যায়, এটির ডোমেইন এক বছর মেয়াদে গত ৩১ অক্টোবর রেজিস্ট্রেশন হয়েছে। সাইটটিতে মনগড়া ও ভিত্তিহীন নানা সংবাদ নিয়মিত প্রচার করা হচ্ছে, যা একটি ভুঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।
সুতরাং, উম্মা উসওয়াতুন রাফিয়াকে জড়িয়ে সামান্তা শারমিনের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis

