সাম্প্রতিক সময়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার ভাংচুর দাবিতে ২০২৪ সালের আগস্টের ভিডিও প্রচার

সম্প্রতি, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানীয় জনতা হামলা চালিয়ে ভাঙচুর করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, একদল উত্তেজিত জনতা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে উপস্থিত হয়ে সেখানে ভাঙচুর চালায়। এসময় উত্তেজিত জনতাকে সেখানে উপস্থিত নিরাপত্তা বাহিনীকে ওই স্থান থেকে অন্যত্র সরিয়ে দিতেও দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হামলার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজশাহীর কারাগারে হামলার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে স্থানীয়দের হামলা চালানোর কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে AM mahedi hasan নামের একটি টিকটক অ্যাকাউন্টে ২০২৪ সালের ৯ আগস্ট একই ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়।

পাশাপাশি একই অ্যাকাউন্টে রাজশাহী কারাগারে হামলার আরও কয়েকটি ভিডিও দেখতে পাওয়া যায়। যার একটিতে দেখা যায়, হামলাকারীদেরকে পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে বিতারিত করে দেয়।
এছাড়াও একই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে রাজশাহী কারাগারে হামলা চালানোর একাধিক ভিডিওর ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। যার সবগুলোই ২০২৪ সালের ৫ আগস্ট প্রচার করা হয়েছে। অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হামলা চালানোর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২৪ সালের অভ্যুত্থান পরবর্তী সময়ের।
সেসময় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও জানা যায়, অভ্যুত্থান পরবর্তীতে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার হামলা ও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
সুতরাং, ২০২৪ সালের অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হামলা চালানোর ভিডিওকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- AM mahedi hasan Tiktok Post
- AM mahedi hasan Tiktok Post
- Desh Rupantor Website: গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন-হামলা, পুলিশসহ ১১০ জন নিহত
- Rumor Scanner’s Analysis

