রাজশাহীতে পুলিশের গাড়িতে আসামির মৃত্যু নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত গ্রেপ্তারের ভিডিও

সম্প্রতি, রাজশাহীতে পুলিশের গাড়িতে আসামির মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে ২ লাগ ১৪ হাজারের বেশি বার দেখা হয়েছে। এছাড়াও এটি তিন শতাধিক বার শেয়ার করা হয়েছে এবং ২ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। যাদের মাঝে অনেকে ভিডিওটিকে সত্য ঘটনা মনে করে মন্তব্য করেছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি রাজশাহীর কোনো ঘটনার নয় এবং পুলিশের গাড়িতে দেখতে পাওয়া ব্যক্তিটিও মারা যাননি। প্রকৃতপক্ষে, ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত গ্রেফতারের সময় ধারণ করা ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে বিডি টোয়েন্টিফোর রিপোর্টের ফেসবুক পেজে গত ১২ এপ্রিল একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।। ভিডিওর ক্যাপশনে ‘ডাকাত ধরতে কাদায় আধাকিলোমিটার দৌড়ালেন পুলিশ! তবে গ্রেপ্তার করতে সক্ষম’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

একই ভিডিও বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলেও প্রচারিত হতে দেখা যায়। সেখানে ভিডিওর শিরোনাম উল্লেখ করা হয়, ‘কাদামাটি মেখে ডাকাত ধরে প্রশংসায় ভাসছেন পুলিশ’। এছাড়াও ভিডিওর শিরোনামে ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার এমনটিও উল্লেখ পাওয়া যায়।
পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যমে উক্ত ঘটনায় প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, চলতি বছরের ১০ এপ্রিল গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে মুর্শিদ নামের এক পলাতক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি জমিতে লুকিয়ে ছিলেন। তাকে ধরতে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কর্দমাক্ত জমিতে নেমে অভিযান চালাতে হয় এবং পাঁচ পুলিশ সদস্য কাদায় মাখামাখি হয়ে পড়েন।
প্রতিবেদনগুলোতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তবে কোনো সংবাদমাধ্যমেই তার মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তির মৃত্যুর খবরটি সত্য নয়। বর্তমানে ওই ব্যক্তি কারাগারে আছেন বলেও নিশ্চিত করেন তিনি ।
সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ায় কাদা থেকে এক ডাকাতকে গ্রেপ্তারের ভিডিওকে রাজশাহীতে পুলিশের গাড়িতে আসামির মৃত্যুর দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bd24report Facebook Post
- Boishakhi Tv News Youtube Channel: কাদামাটি মেখে ডা’কাত ধরে প্রশংসায় ভাসছেন পুলিশ | BD Police | Brahmanbaria | Boishakhi Tv News
- Bangla Tribune Website: আধা কিলোমিটার দৌড়ে ডাকাতকে ধরলো পুলিশ
- Somoy News Website: জমি থেকে কর্দমাক্ত হয়ে ডাকাত ধরল পুলিশ সদস্যরা
- Rumor Scanner’s Analysis

