‘মির্জা আব্বাসের কিছু হলে এর দায় পাটওয়ারীকেই নিতে হবে’ বলে মন্তব্য করেননি ছাত্রদল নেতা রাকিব

১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রেক্ষাপটে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ‘মির্জা আব্বাসের কিছু হলে এর দায় পাটওয়ারীকেই নিতে হবে’ শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মির্জা আব্বাসের কিছু হলে এর দায় পাটওয়ারীকেই নিতে হবে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সাপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ মার্চ ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনও পোস্টকে সিরিয়াসলি নেবেন না’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক (১,২,৩) ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘মির্জা আব্বাসের কিছু হলে এর দায় পাটওয়ারীকেই নিতে হবে’ শীর্ষক মন্তব্য রাকিবুল ইসলাম রাকিব করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- আশার আলো- Facebook Post
- Rumor Scanner’s Analysis

