শিশু শিক্ষার্থী রামিসা গত ১৯ মে রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার শিকার হয়। ঘটনার পর অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি দলীয় প্যাডের ছবি দিয়ে দাবি করা হচ্ছে, অভিযুক্ত জাকির স্বেচ্ছাসেবক দলের পল্লবী থানার আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন৷
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রামিসা হত্যায় অভিযুক্ত জাকির পল্লবী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নয়। প্রকৃতপক্ষে, স্বেচ্ছাসেবক দলের প্যাডে জাকির হোসেন নামে যুগ্ম আহ্বায়ক হিসেবে যে ব্যক্তির নাম রয়েছে তিনি ভিন্ন ব্যক্তি। তার পুরো নাম মাফুজুর রহমান জাকির।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে গত বছরের সেপ্টেম্বরে স্বেচ্ছাসেবক দলের পল্লবী থানার আহ্বায়ক কমিটি ঘোষণা পরবর্তী সময়ে অভিনন্দন জানিয়ে প্রচার হওয়া কিছু পোস্টে (১, ২) আলোচিত প্যাডের একই ছবি পাওয়া যায়। সেখানেও যুগ্ম আহ্বায়ক হিসেবে জাকির হোসেন নাম উল্লেখ পাওয়া যায়। ১৮ সেপ্টেম্বরের একটি পোস্টে Mahfuzur Rahman Zakir নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে তাকে উক্ত পদ পাওয়ায় অভিনন্দন জানানো হয়। এই নামের সূত্রে একই নামে একটি ফেসবুক প্রোফাইল খুঁজে পাওয়া যায়। এই প্রোফাইলের পরিচিতি অংশেও একই পদ অর্থাৎ, ‘যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা, স্বেচ্ছাসেবক দল’ উল্লেখ রয়েছে। তাকে গত রাতেও ফেসবুকে সক্রিয় দেখা গেছে।

অর্থাৎ, অভিযুক্ত জাকির এবং স্বেচ্ছাসেবক দলের প্যাডে নাম থাকা জাকির ভিন্ন ব্যক্তি।
তাছাড়া, স্বেচ্ছাসেবক দলের পল্লবী থানা শাখার ফেসবুক পেজে গত রাতে প্রকাশিত একটি প্রতিবাদ লিপি থেকে জানা যায়, জাকির হোসেন সোহেল নামে দলটির পল্লবী থানার কমিটিতে কেউ নেই।
সুতরাং, রামিসা হত্যায় অভিযুক্ত জাকির পল্লবী থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পল্লবী থানা: Facebook Post
- Mahfuzur Rahman Zakir: Facebook Profile


