সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচারিত একটি পোস্টে দাবি করা হয়েছে, ‘BREAKING: In Rangpur, Bangladesh, the bodies of 3 Hindus were recovered within 48 hours. • Niloy Kundu (17) – Badarganj Municipality • Hriday Babu (31) – Gopalpur Bhangapara village • Arpita Tudu (19) – Lohani Para Union. They were murdered, but police are reportedly labeling the cases as “suicide” to suppress the truth.’
অর্থাৎ, দাবি করা হয়েছে যে, রংপুরে নিলয় কুন্ডু, হৃদয় বাবু ও অর্পিতা টুডু নামের তিন হিন্দুকে ৪৮ ঘন্টার ভেতর হত্যা করা হয়েছে।
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রংপুরে নিলয় কুন্ডু, হৃদয় বাবু ও অর্পিতা টুডু নামের তিন হিন্দুকে ৪৮ হত্যার ভেতর হত্যা করা হয়েছে শীর্ষক দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে নিলয় কুন্ডু তার মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেন, হৃদয় বাবু তার স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন এবং অর্পিতা টুডু হাঁস খুজতে গিয়ে সাঁতার না জানায় পুকুরে ডুবে মারা যান৷ এর মধ্যে হৃদয় বাবু মুসলিম ও অর্পিতা টুডু ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবতী।
নিলয় কুন্ডুর বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘বাংলাদেশ প্রতিদিন’ ওয়েবসাইটে ‘একদিনে ছয় অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার’ শিরোনামে গত ২৯ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের এক পর্যায়ে বলা হয়, ‘ [২৯ জুন বদরগঞ্জ] পৌর শহরের শাহাপুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে নিলয় (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অভিযোগ না থাকায় তার মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এছাড়াও ‘হৃদয় বাবু’র বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘দৈনিক করতোয়া’র ওয়েবসাইটে ‘রংপুরের বদরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা’ শিরোনামে গত ২৯ জুনে প্রকাশিত আরেক প্রতিবেদন থেকে জানা যায়, ‘রংপুরের বদরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে হৃদয় বাবু (৩১) নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে। গত শনিবার (২৭ জুন) রাতে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি স্ত্রীকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করেন। এরপর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু দীর্ঘ সময় পর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ প্রসঙ্গত, হৃদয় বাবুর বাবার নাম ‘আব্দুল লতিফ মিয়া’ থেকে স্পষ্ট যে হৃদয় বাবু মুসলিম যুবক।
পরবর্তীতে, অর্পিতা টুডু’র বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর ওয়েবসাইটে ‘সাঁতার জানতেন না অর্পিতা, হাঁস খুঁজতে গিয়ে গেল প্রাণ’ শিরোনামে গত ২৭ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘রংপুরে পুকুরের পানিতে ডুবে অর্পিতা টুডু (১৯) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা গ্রামের সেবাসশিয়া টুডুর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অর্পিতা টুডু ওই গ্রামের ভিনসেন্ট টুডুর মেয়ে।
বাংলাভিশনের প্রতিবেদনে আরো বলা হয়, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় পালিত হাঁস খুঁজতে বাড়ি থেকে বের হন অর্পিতা। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। অর্পিতা সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, অনুসন্ধানে মূলধারার আরেক সংবাদমাধ্যম ‘কালবেলা’র ওয়েবসাইটে ‘রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার’ শিরোনামে গত ২৯ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উপরোল্লিখিত তিনজনেরই মৃত্যুর বিষয়ে সমজাতীয় তথ্যের উল্লেখ পাওয়া যায়। পাশাপাশি, কালবেলার প্রতিবেদনে অর্পিতা টুডুর বিষয়ে বলা হয়, তিনি একজন ‘আদিবাসী’ তরুণী। কালবেলার এ প্রতিবেদনে আলোচিত তিনজন ছাড়াও রংপুরে ৪৮ ঘন্টায় আরো ৪ জন নিহতের বিষয়েও জানা যায়। তারা হলেন: বজ্রপাতে নিহত ফেরদৌস আলী, ধানখেত থেকে উদ্ধার হওয়া জাহিদুল ইসলাম, আত্মহত্যায় শাহনাজ পারভীন এবং সড়ক দুর্ঘটনায় সালেক উদ্দিন নাঈম। নাম অনুযায়ী এদের সবাই মুসলিম। এর মধ্যে ‘বাংলাদেশ প্রতিদিন’ এর প্রতিবেদনে সংযুক্ত বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকারের বক্তব্য অনুযায়ী, জাহিদুল ইসলামকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
অর্থাৎ, রংপুরে উল্লিখিত ৪৮ ঘন্টায় এক্স পোস্টে উল্লিখিত কেবল ৩ জনই নন বরং মোট ৭ জনের লাশ উদ্ধার হয়েছে এবং এদের মধ্যে ৫ জনই মুসলিম। হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকা জাহিদুল ইসলামও মুসলিম। অপরদিকে এদের মধ্যে থাকা ইসলাম ব্যতীত অন্য ধর্মাবলম্বী নিলয় কুন্ডু ও অর্পিতা টুডুর মৃত্যুতে তাদের নিজেদের পরিবারের কোনো অভিযোগ নেই। এ থেকে স্পষ্ট যে সাম্প্রদায়িক অপপ্রচারের উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে আলোচিত তিনজনের নাম উল্লেখপূর্বক হত্যার দাবি প্রচার করা হয়েছে।
সুতরাং, রংপুরে নিলয় কুন্ডু, হৃদয় বাবু ও অর্পিতা টুডু নামের তিন হিন্দুকে ৪৮ হত্যার ভেতর হত্যা করা হয়েছে শীর্ষক দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Pratidin – একদিনে ছয় অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- Daily Karatoa – রংপুরের বদরগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
- BanglaVision – সাঁতার জানতেন না অর্পিতা, হাঁস খুঁজতে গিয়ে গেল প্রাণ!
- Kalbela – রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার


