সম্প্রতি রংপুরে কীর্তন চলাকালীন হামলা দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘রংপুরে কীর্তন চলাকালীন সময়ে হামলা | বন্ধ করে দিল কীর্তন’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

আলোচিত দাবিতে ভারতীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশ করা হয়েছে। এরূপ দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: হিন্দুস্তান টাইমস

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে রংপুরে কীর্তন চলাকালীন সময়ে হামলার কোনো ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ২০২৪ সালের অক্টোবরের ভিডিও সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘ইন্দ্রদীপ’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৫ অক্টোবরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্য, পারিপার্শ্বিক অবস্থা ও আবহ এর মিল পাওয়া যায়। ‘ইন্দ্রদীপ’ এর পোস্টে ভিডিওটি রংপুর তাজহাটের ডিমলা শীতলা মন্দিরে সাম্প্রদায়িক হামলার দৃশ্য দাবি করা হয়েছে।

এছাড়াও, অনুসন্ধানে ২০২৪ সালের ২৫ অক্টোবরে প্রচারিত আরো নানা ফেসবুক পোস্ট পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। সেসব পোস্টেও ভিডিওটি রংপুরের শীতলা মন্দিরের দাবি করা হয়।

এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে ‘দ্য রিয়েল নিউজ’ নামের একটি ফেসবুক পেজে গত ২১ মে তারিখে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে স্থানীয় প্রশাসন ও তদন্ত সূত্রের বরাতে বলা হয়, ‘ঘটনাটি ঘটেছিল প্রায় দেড় বছর আগে, ২০২৪ সালের ২৫ অক্টোবর। ওই দিন শুক্রবার ছিল। শীতলা মন্দিরে ‘জয়গুরু’ কীর্তন অনুষ্ঠিত হয়, যাতে ১৫০-২০০ জন ভক্ত অংশ নেন। কীর্তনের সাউন্ড সিস্টেম দুপুর ১২:১৫ টায় বন্ধ করা হয় এবং বিকেল ২:১০ টায় পুনরায় চালু করা হয়। পাশের জুমা মসজিদে শুক্রবারের জুমার নামাজ সেদিন কিছুটা দেরিতে হয়। নামাজ শেষে সাউন্ডের শব্দ শুনে ২০-২৫ জন মুসল্লি মন্দিরের সামনে আসেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পরে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি স্থানীয়ভাবেই সমাধান হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের উত্তেজনা নেই।’

অর্থাৎ, উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, সাম্প্রতিক সময়ে রংপুরে কীর্তন চলাকালীন সময়ে হামলার দৃশ্য দাবিতে ২০২৪ সালের অক্টোবরের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: