মাগুরার ধর্ষিত শিশুর ধর্ষকের ফাঁসির নয়, প্রচারিত ভিডিওটি সিনেমার শ্যুটিংয়ের অংশ 

ধর্ষণের শিকার মাগুরার এক শিশুকে গত ০৬ মার্চ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়৷ পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে শিশুটি মৃত্যুবরণ করে। উক্ত ঘটনার দেশজুড়ে চলনান ক্ষোভের প্রেক্ষিতে সম্প্রতি ‘শিশু বাচ্চা আসিয়া কে ধর্ষণ করার কারণে ফাঁসি’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ধর্ষককে ফাঁসি দেওয়ার নয় বরং, সিনেমার শ্যুটিংয়ের একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Story Toonz নামক ইউটিউব চ্যানেলে গত ২০ ফেব্রুয়ারি ‘February 20, 2025’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে। তবে, ভিডিওতে প্রচারিত দৃশ্যের বিস্তারিত উল্লেখ করা হয়নি৷

পরবর্তীতে, Vadaima Film নামক ফেসবুক পেজে ২০২৪ সালের ২৫ নভেম্বর প্রকাশিত পোস্ট একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওটির ক্যাপনে বলা হয়, একটি নতুন সিনেমা শ্যুটিং চলছে, যা দেখতে ভিড় করেছে হাজারো উৎসুক জনতা। শ্যুটিংয়ে প্রকাশ্যে হাজারো লোকের জনসমক্ষে একজন লোককে ফাঁসিতে ঝোলানোর দৃশ্য ধারণ করা হয়েছে৷

অর্থাৎ, ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি বাস্তব ঘটনাও নয়, একটি শ্যুটিংয়ের দৃশ্য।

সুতরাং, মাগুরার ধর্ষণের শিকার শিশুটির ধর্ষককে ফাঁসি দেওয়ার দৃশ্য দাবিতে একটি সিনেমার শ্যুটিংয়ের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: