মাদক ব্যবসায়ীদের তালিকায় র‍্যাপার হান্নান ও সেজানের নামযুক্ত ছবিটি সম্পাদিত

সম্প্রতি, ২০২৪ এর কোটা সংস্কার আন্দোলনের আলোচিত নাম র‍্যাপার হান্নান হোসাইন ও মোহাম্মদ সেজানের ছবি এবং তাদের নামযুক্ত ‘আংশিক মাদক ব্যবসায়ীদের তালিকা (নারায়ণগঞ্জ জেলা)’ শিরোনামের তালিকা ছবি সংযুক্ত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আংশিক মাদক ব্যবসায়ীদের তালিকা (নারায়ণগঞ্জ জেলা)’ শিরোনামে হান্নান ও সেজানের নামযুক্ত তালিকাটি আসল নয়। প্রকৃতপক্ষে, উল্লিখিত শিরোনামে গত ফেব্রুয়ারি থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি তালিকা সম্পাদনার মাধ্যমে তাদের নাম যুক্ত করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Abdur Rahman Gaffari নামক ফেসবুক প্রোফাইলে গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত পোস্টে একটি নামের তালিকার ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত তালিকার ছবিটির আংশিক মিল রয়েছে।

উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে নামের তালিকার ৯ নম্বরে “জয় (নন্দলালপুর)”এবং ১৫ নম্বরে “মাসুম (পশ্চিম দেলপাড়া)” নাম উল্লেখ রয়েছে। মূল ছবিতে থাকা বাকিসব তথ্য একই রেখে কেবল এই দুটি নামের স্থলে সম্পাদনার মাধ্যমে যথাক্রমে “হান্নান (নামাপাড়া)” এবং “সেজান (দেলপাড়া)” যুক্ত করে আলোচিত তালিকাটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, উল্লিখিত ‘আংশিক মাদক ব্যবসায়ীদের তালিকা (নারায়ণগঞ্জ জেলা)’ শিরোনামের মূল তালিকাটির বিষয়ে নারায়ণগঞ্জের স্থানীয় গণমাধ্যম News Narayanganj এর ওয়েবসাইটে গত ২৪ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনেও একই তালিকার ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে “প্রকাশিত এই তালিকার ব্যাপারে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার পরিদর্শক কাজী কামারুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কোনো তালিকা প্রকাশ করিনি। এখানে আমাদের ঢাকা প্রধান কার্যালয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে। আমাদেরকে খোঁজ নিয়ে জানতে হবে সেখান থেকে কোনো তালিকা প্রকাশ করেছে কিনা।”

এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে র‍্যাপার হান্নান হোসাইন ও মোহাম্মদ সেজানের নাম কোনো মাদকদ্রব্য বিক্রেতাদের তালিকায় অন্তর্ভুক্তি এবং তাদেরকে পুলিশ খুঁজছে শীর্ষক কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, নারায়ণগঞ্জ জেলার মাদক ব্যবসায়ীদের তালিকায় র‍্যাপার হান্নান হোসাইন ও মোহাম্মদ সেজানের নাম অন্তর্ভুক্ত দাবিতে প্রচারিত তালিকার ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: