সাম্প্রতিক সময়ে আ.লীগের বিক্ষোভ মিছিল দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার

সম্প্রতি, “ব্রেকিং নিউজ বিক্ষোভ মিছিল রাজপথে নেমে গেছে আওয়ামী লীগ নোয়াখালী চাঃপরাশির হাট ইউনিয়ন ছাত্রলীগ” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১৮ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় যমুনা টিভিতে প্রচারিত সংবাদের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৪ জুন ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, দেশজুড়ে আ.লীগের বিক্ষোভ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২২ সালের ৪ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমেও সংবাদ (, , ) প্রচার করা হয়।

সুতরাং, ২০২২ সালে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: