সম্প্রতি, “ব্রেকিং নিউজ বিশাল এক আওয়ামী লীগের মিছিল বের হয়েছে ভয় পেলে শেয়ার করার দরকার নাই ঢাকা গুলশান আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লাখ ৪ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে গুলশানে আওয়ামী লীগের কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, গত ৩ মার্চ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের প্রতিবাদ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Bilkis Sultana Binu’ নামক ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৯ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর শিবির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ও পলিটেকনিক ছাত্রদলের বিক্ষোভ মিছিলের ভিডিও।
সেসময় একই দাবিতে উক্ত ভিডিওটি (১, ২, ৩) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হতে দেখা যায়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ৩ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করে।
সুতরাং, গত ৩ মার্চ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের প্রতিবাদ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের গুলশানে আওয়ামী লীগের মিছিলের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bilkis Sultana Binu – Facebook Post
- Prothom Alo – মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০


