ঢাকায় আ.লীগের কর্মসূচি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার 

গেল নভেম্বরে রাজধানী ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ‘প্রস্তুত হও পাল্টা ধাক্কা সামলানোর’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত নভেম্বরে ঢাকায় আওয়ামী লীগ আয়োজিত কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, গত জুলাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের ফেসবুক প্রোফাইলে গত ১৫ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে আলোচিত ভিডিওটির ভিডিও অংশের হুবহু মিল রয়েছে। তবে, আলোচিত ভিডিওতে ভিন্ন একটি অডিও ক্লিপ যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি।

পরবর্তীতে, MD Al-amin Mahin নামক ফেসবুক প্রোফাইলে গত ১৫ জুলাই প্রকাশিত একটি ভিডিওতে একই বিক্ষোভ মিছিলের দৃশ্য দেখা যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজিত হয়।

এছাড়া, উক্ত ফেসবুক প্রোফাইল পর্যালোচনার মাধ্যমে গত ১৪ জুলাই প্রচারিত একই মিছিলের একাধিক ছবি সংবলিত একটি পোস্টের সন্ধানও পাওয়া যায়।

তাছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফেসবুক পেজ থেকেও ড্রোনের সহায়তায় ধারণকৃত একই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, উক্ত বিক্ষোভ মিছিলটি গত ১৪ জুলাই রাজধানীর নয়াপল্টন এলাকায় অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ অন্যান্য অঙ্গসংগঠন রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরবর্তীতে সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত কোনো বিক্ষোভ মিছিলের দৃশ্য নয়।

সুতরাং, গত নভেম্বরে ঢাকায় আওয়ামী লীগ আয়োজিত মিছিলের দৃশ্য দাবিতে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: