২০২৬ সালের ৬ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নোয়াখালীতে একটি বড় বিক্ষোভ মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব কার্যালয় খুলে দেওয়া হয় দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের আয়োজিত কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই মাসে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিকের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১০ জুলাই আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
পরবর্তীতে, এ বিষয়ে গণমাধ্যম ঢাকা টাইমসের ওয়েবসাইটে ২০২৪ সালের ১০ জুলাই ‘মির্জাপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যুবলীগ নেতা মীর রাহিব ও সেচ্ছাসেবক লীগ নেতা মীর হাসিব রেজার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ বের হয়। উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাঁটুভাঙা রোড এলাকা থেকে বের হয়ে মিছিলটি সোহাগপাড়া বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় হাঁটুভাঙা রোডে গিয়ে শেষ হয়। গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সুতরাং, সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ২০২৪ সালের টাঙ্গাইলের মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Times – মির্জাপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ
- Mir Asif Anik – Facebook Post
- Rumor Scanner’s Analysis


