জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ের তারিখ ঘোষিত হবে আগামী ১৩ নভেম্বর। এর প্রেক্ষিতে ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘রাজশাহীতে নতুন ইতিহাস গড়লো আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা.! Awami League || 13 November’…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি রাজশাহীতে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সাম্প্রতিক কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে রাজশাহীতে শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২২ সালের ২৮ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচিত ভিডিওটির সঙ্গে এই ভিডিওর দৃশ্যের মিল থাকলেও অডিও অংশে ভিন্নতা লক্ষ্য করা যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয় যে ‘বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। নগরীর বিমান চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয়।’ উক্ত ভিডিওটি উল্লিখিত বিক্ষোভ মিছিলের দৃশ্য।
পরবর্তীতে, Khairuzzaman Liton নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৮ নভেম্বর ‘বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল’ শিরোনামে প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওর মিছিলটি সাম্প্রতিক সময়ের নয়।
এছাড়া, উপরোক্ত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে নিশ্চিত করা যায় যে, মূল ভিডিওর অডিও ক্লিপের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সূচক অডিও ক্লিপ প্রতিস্থাপন করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, রাজশাহীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আয়োজিত সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে ২০২২ সালে রাজশাহীতে আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Awami League – Facebook Post
- Khairuzzaman Liton – বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল


