সম্প্রতি, “ছাত্রলীগের সমাবেশ সফল হক জয় বাংলা” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৭ জুলাই ‘রাজধানীতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ হবে শুক্রবার |’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ২৬ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৭ জুলাই (২০২৩) নির্ধারিত সমাবেশ একদিন পিছিয়ে ২৮ জুলাই (২০২৩) করার সিদ্ধান্ত নেয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা মাঠ সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এই সিদ্ধান্ত নিয়েছিল।
সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
সুতরাং, ২০২৩ সালে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


