জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে পাকিস্তানের পুরোনো ছবি

গত ৩০ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু- কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের খবরে কতিপয় গণমাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে।

উক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন আমাদের সময়, ভোরের কাগজ

একই ছবি ব্যবহার করে ছড়িয়ে পড়া কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক ভূমিকম্পের সংবাদে গণমাধ্যমে প্রচারিত দুইটি ছবি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০১৫ সালে পাকিস্তানে ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনের ছবি।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, জার্মান সংবাদমাধ্যম DW (ডয়চে ভেলে) এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২৬ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, সেদিন (২৬ অক্টোবর) পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উক্ত ঘটনায় পাকিস্তানের কোহাত শহরে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবি এটি।

ছবিটির সূত্র হিসেবে ডয়চে ভেলে ‘গেটি ইমেজেস’ এর নাম উল্লেখ করেছে।

পরবর্তীতে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে একইদিন (২৬ অক্টোবর) প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটি তুলেছেন বাসিত শাহ।

লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, আলোচিত ছবিটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতির দৃশ্যের হলেও উক্ত ছবিকে সাম্প্রতিক ঘটনার দাবিতে কতিপয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “এই ভূমিকম্প (জম্মু কাশ্মীরের) থেকে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।”

তাছাড়া, ভোরের কাগজ পত্রিকার ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদনে ব্যবহার হওয়া একই ছবির উৎস হিসেবে বিবিসির নাম উল্লেখ থাকলেও অনুসন্ধানে বিবিসির সাম্প্রতিক কোনো প্রতিবেদনে ছবিটির অস্তিত্ব মেলেনি। তবে বিবিসির হিন্দি ভাষার সংস্করণের ওয়েবসাইটে ২০১৫ সালে মূল ঘটনার (পাকিস্তানের ভূমিকম্প) খবরে উক্ত ছবিটি ব্যবহার করা হয়।

মূলত, ২০১৫ সালের ২৬ অক্টোবর পাকিস্তান, আফগানিস্তান ও ভারতে ভূমিকম্প আঘাত হানে। উক্ত ঘটনায় পাকিস্তানের কোহাত শহরে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবিকে সাম্প্রতিক সময়ে (৩০ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের ভূমিকম্পের ছবি দাবি করে কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভূমিকম্পকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০১৫ সালে পাকিস্তানের ভূমিকম্পের ঘটনার একটি ছবিকে সাম্প্রতিক সময়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের ভূমিকম্পের দাবি করে কতিপয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: