সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের নয়, ছত্রভঙ্গ ইসরায়েলিদের এই ভিডিওটি ২০২৫ সালের ভিন্ন ঘটনার

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে ‘ব্যাংকার গুড়িয়ে দেওয়ার পর, ইয়াহুদিরা গর্ত খুঁজে পাচ্ছে না পালানোর’ ক্যাপশনে ইসরায়েলে ইরানের হামলা দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৫ সালের ২৯শে এপ্রিল তেল আবিবের হাবিমা স্কোয়ারে ইয়োম হাজিকারন অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ভয়ে মানুষজনের পালিয়ে যাওয়ার দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ইসরায়েলের গণমাধ্যম Israel Hayom এর এক্স অ্যাকাউন্টে ২০২৫ সালের ৩০ এপ্রিল প্রকাশিত পোস্টে আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ইসরায়েলের তেল আবিবের দৃশ্য, যেখানে সন্ত্রাসী হামলা ভেবে স্মরণসভা অনুষ্ঠানস্থল থেকে জনতা পালিয়ে যাচ্ছিলো।
উক্ত তথ্যের সূত্র ধরে Jewish Breaking News নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ৩০ এপ্রিলে প্রকাশিত পোস্টে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২৫ সালের ২৯ এপ্রিল রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে আয়োজিত ইয়োম হাজিকারন অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার সন্দেহে ভয় থেকে জনতা পালিয়ে যাওয়ার দৃশ্য। তবে শেষ পর্যন্ত এটি প্রমাণিত হয় যে এটি একটি মিথ্যা অ্যালার্মের ছিল যা উপাসকদের সাথে জড়িত একটি ঘটনার কারণে তৈরি হয়েছিল।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ইরান-ইসরায়েলের মধ্যকার বর্তমান সংঘাতের দৃশ্য নয়।
উক্ত ঘটনাটি ঘটেছিল ইসরায়েলের মেমোরিয়াল ডে এর সময়, যা ২০২৫ সালের ২৯ এপ্রিল সূর্যাস্ত থেকে ৩০ এপ্রিল সূর্যাস্ত পর্যন্ত পালিত হয়, শহীদ সৈন্য এবং সন্ত্রাসীদের প্রতি শ্রদ্ধা জানাতে। ২৯ এপ্রিল রাত ৮ টায় দেশব্যাপী সাইরেন বাজানোর পর, আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয় কিন্তু মিথ্যা অ্যালার্মের কারণে তা ব্যাহত হয়, যার ফলে অনুষ্ঠান বাতিল করা হয়। সন্ত্রাসী হামলার ভয়ে লোকেরা পালিয়ে যাওয়ার সময় ব্যক্তিগত জিনিসপত্র ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।
সুতরাং, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের হামলায় ইসরায়েলিদের পালানোর দৃশ্য দাবিতে ২০২৫ সালের ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jewish Breaking News – Instagram Post
- Israel Hayom – X Post
- The Times of Israel – Panic briefly erupts at Memorial Day event in Tel Aviv’s Habima Square after man arrested; police stress: no security threat

