ইরানে ঢুকে ইসরায়েলি বাহিনীর অগ্নিসংযোগের দাবিতে ৪ বছর পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ‘ইসরায়েল ইরানে প্রবেশ করে ইরানের বাড়িঘর-অফিস-গাড়ি পুড়িয়ে দিচ্ছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৬ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং এটি ১ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সাথে সম্পৃক্ত ঘটনার নয়। প্রকৃতপক্ষে, অন্তত ২০২১ সাল থেকে ইন্টারনেট বিদ্যমান একটি ভিডিওকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতকালীন ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Ahmed Abdalazeem নামক ফেসবুক প্রোফাইলে ২০২১ সালের ২৩ এপ্রিল প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

তবে, উক্ত ভিডিওটির ক্যাপশনে এটি কোথাকার বা কোন ঘটনার দৃশ্য তা উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে, الزرقاء الغربية নামক ফেসবুক পেজে ২০২১ সালের ২৪ এপ্রিল প্রকাশিত পোস্টে আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি ফিলিস্তিনের যুবসমাজ কর্তৃক দখলদার বাহিনীর গাড়ি ও বুলডোজার পুড়িয়ে দেওয়ার দৃশ্য।

একই ঘটনার দৃশ্য দাবিতে ভিডিওটি অন্য কোথাও প্রচারের তথ্য পাওয়া যায়নি বলে ভিডিওটির উৎস চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, এটি স্পষ্টতই ইরান-ইসরায়েলের মধ্যকার বর্তমান সংঘাতের দৃশ্য নয়।

সুতরাং, সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানে প্রবেশ করে বাড়িঘর-গাড়ি পোড়ানোর দৃশ্য দাবিতে অন্তত ৪ বছর পুরোনো ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: