দুই পুত্রবধূর সঙ্গে খালেদা জিয়ার সাম্প্রতিক বিমান ভ্রমণের দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যেতে তার পুত্রবধূ জুবাইদা রহমান গত ০৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে আসেন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও অন্যান্য কিছু কারণে তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। এরই মধ্যে গত ০৬ ডিসেম্বর থেকে ‘বিমানে দুই পুত্রবধূর সঙ্গে বেগম খালেদা জিয়া!’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দুই পুত্রবধূর সাথে খালেদা জিয়ার বিমান ভ্রমণের প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত মে মাসে খালেদা জিয়ার লন্ডন থেকে বাংলাদেশে ফেরার ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ০৫ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রথম ১৫ সেকেন্ডের সাথে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে৷

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি৷

পরবর্তীতে, আরেক গণমাধ্যম বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে গত ০৫ মে ‘বিমানে পুত্রবধূদের সঙ্গে খালেদা জিয়া’ ক্যাপশনে প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়৷

এ বিষয়ে প্রথম আলোর ওয়েবসাইটে গত ০৬ মে ‘খালেদা জিয়া দেশে ফিরলেন, সঙ্গে দুই পুত্রবধূ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে গত ০৫ মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

সুতরাং, দুই পুত্রবধূর সাথে খালেদা জিয়ার বিমান ভ্রমণের সাম্প্রতিক দৃশ্য দাবিতে গত মে মাসের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: