সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈঠক দাবিতে ২০১৫ সালের ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি, ‘খেলা শেষ পর্যায়ে ইনশাআল্লাহ, ডিপ স্টেট ও মিত্রবাহিনীর যৌথ প্রচেষ্টায় সর্বোচ্চ সামরিক প্রোটোকল নিয়ে ফিরছেন দেশরত্ন শেখ হাসিনা, রাজকীয় প্রত্যাবর্তনের আভাস পেলাম আজকের বৈঠকে। চোখ-কান খোলা রাখুন, জননেত্রী শেখ হাসিনার লাইভ প্রোগ্রামের মাধ্যমে সকল ধোয়াশা দূর হবে ইনশাআল্লাহ, অনেক কিছু ঘটতে চলেছে, সবাই শান্ত থাকুন।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে করা বৈঠকের নয়। প্রকৃতপক্ষে, ২০১৫ সালে তৎকালীন ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজার সাথে বাংলাদেশের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সাক্ষাতের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শিরিন শারমিন চৌধুরীর ফেসবুক পেজে ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি ‘Visit- Lord Speaker, Baroness D’Souza, Speaker of House of Lords’ নামক অ্যালবামে প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত অ্যালবামের বিবরণী থেকে জানা যায়, সেসময় ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে ঢাকায় আসেন।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা ২০ ফেব্রুয়ারি (২০১৫) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে ঢাকায় আসবেন। সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী বরাতে বলা হয়, ব্যারোনেস ডি সুজা একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। এরপর তিনি সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সংসদ ভবন ঘুরে দেখবেন। ওই রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য,গত ৭ এপ্রিল সাবেক সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করে জেলে পাঠানো হয় এবং পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।

সুতরাং, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈঠক দাবিতে ২০১৫ সালে হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজার সাথে শিরিন শারমিন চৌধুরীর সাক্ষাতের পুরোনো ছবি প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: