শেখ হাসিনার ফাঁসির রায়ের পর গোপালগঞ্জে বিক্ষোভের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেদিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা যায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে। এছাড়া রায় ঘোষণার পর সেদিন গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পালন করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৭ নভেম্বর থেকে ‘ভুয়া মামলার ভুয়া  রায়ের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল চলছে এখন।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে আয়োজিত কোনো বিক্ষোভ মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি শপথ গ্রহণ আয়োজনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে গোপালগঞ্জ নামক ইউটিউব চ্যানেলে গত ১৯ জুলাই ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের শপথ: শেখ হাসিনাকে ফেরত আনার অঙ্গীকার’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি।

পরবর্তীতে, চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৮ আগস্ট ‘ঘরের মেয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষের শপথ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

একই বিষয়ে ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ০৮ আগস্ট ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়ায় আ.লীগের শপথ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ-যুবলীগ ও অঙ্গ সংগঠনের প্রায় সাত শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর সমাধির সামনে হাত তুলে আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেয় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবিটি উল্লিখিত ঘটনার দৃশ্য।

সুতরাং, গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে আয়োজিত বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: