সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু নেতা কর্মী ও সাধারণ মানুষেরা নেমে গেছেন রাজপথে বাংলার মানুষ আবারও ফিরে যেতে চায় নেত্রীকে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালে সিলেটে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। ভিডিওটি সেই ঘটনারই একটি সংবাদ প্রতিবেদনের।
এ বিষয়ে অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ জুলাই ‘সিলেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের।
সুতরাং, ২০২৩ সালে সিলেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার ঘটনার সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।


