ইসি সচিব আখতার আহমেদ ‘গণভোট বাতিলের সিদ্ধান্ত’ বলে কোনো মন্তব্য করেননি 

সম্প্রতি ‘গণভোট বাতিলের সিদ্ধান্ত- ইসি সচিব’ শিরোনামে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গণভোট বাতিলের সিদ্ধান্ত’ উল্লেখ করে এমন কোনো মন্তব্য করেননি নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘atv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘আশার আলো’ নামক ফেসবুক পেজে গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘আশার আলো’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত মন্তব্যটির বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম (, , ) সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা করেন। এ দুটি আসনে ভোট গ্রহণ হবে আগামী ৯ এপ্রিল।

আখতার আহমেদ বলেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে ভোট বাতিল করা হয়। আর পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।

দুই আসনের গণভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, একটিতে (বগুড়া-৬) আগে গণভোট হয়েছে। শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না। গণভোটের ফলাফলে ‘হ্যাঁ-না’ ভোটের যে পার্থক্য রয়েছে, তাতে এই আসনে গণভোট না করলেও অসুবিধা নেই।

উক্ত তথ্যের আলোকে ধারণা করা হচ্ছে, শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে গণভোট প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদের করা উক্ত বক্তব্যকে ভিত্তি করে আলোচিত ভুয়া বক্তব্যটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ইসি সচিব আখতার আহমেদ ‘গণভোট বাতিলের সিদ্ধান্ত’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: