জি এম কাদেরের গণভোটে না ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে বাংলাদেশ টাইমসের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারকাজকে সামনে রেখে গণভোট আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। গণভোটে হ্যাঁ/না ভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জনগণকে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি তাকে উদ্ধৃত করে ‘না গণভোটের পক্ষ নিয়ে আবারও জাতীয় বেঈমান উপাধি পেলেন জিএম কাদের’ শিরোনামে দৈনিক সংবাদপত্র বাংলাদেশ টাইমসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জি এম কাদের গণভোটে না ভোটের পক্ষে ভোট দিতে বলেছেন। তবে, তিনি জাতীয় বেইমান উপাধি পেয়েছেন দাবি করে বাংলাদেশ টাইমস কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ টাইমস কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২০ জানুয়ারি, ২০২৬’ বলে উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাদেশ টাইমস এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে গত ২০ জানুয়ারি ‘গণভোটে না ভোটের পক্ষে জাতীয় পার্টির অবস্থান জি এম কাদের’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর সঙ্গে আলোচিত ফটোকার্ডের তারিখ, বাংলাদেশ টাইমসের লোগো ও ছবির মিল রয়েছে। তবে দুই ফটোকার্ডের শিরোনামের পার্থক্য আছে। এছাড়া, বাংলাদেশ টাইমসে ব্যবহৃত শিরোনামের ফন্ট ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, বাংলাদেশ টাইমসের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয় মূলধারার একাধিক গণমাধ্যমের (১) সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। স্বৈরাচার রোধের নামে যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি, তার হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই গণভোট সংবিধানবিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে….।
সুতরাং, জি এম কাদেরকে উদ্ধৃত করে ‘না ভোটের পক্ষ নিয়ে আবারও জাতীয় বেঈমান উপাধি পেলেন জিএম কাদের’ শিরোনামে বাংলাদেশ টাইমসের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Times – Facebook Page
- Bangladesh Times – Website
- Bangladesh Times – YouTube Channel
- Bangladesh Times – Facebook Post
- Kaler Kantho –গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জিএম কাদেরের
- Rumor Scanner’s Own Analysis

