প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কোরবানি আদায় হবে না বলে মন্তব্য করেননি ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুরবানি আদায় হবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্য করেননি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর ফেসবুক পেজ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েবসাইট, ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত ধর্মমন্ত্রীর মতো দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে আলোচিত কোনো বক্তব্য দিলে সেটি জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর এমন কোনো মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৯ মে হজ্জ পালনের উদ্দেশ্যে জেদ্দায় পৌঁছান ধর্মমন্ত্রী। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

সুতরাং, কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুরবানি আদায় হবে না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: