সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশন টকশোর রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষায়িত সংবাদ ও মতামত ভিত্তিক মিডিয়া ‘জবান’এর সম্পাদক রেজাউল করিম রনির মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে রেজাউল করিম রনি বলেছেন, ‘আপনি চাইলেই এখন আর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘খাম্বা তারেক’ বলতে পারেন না। এটা এখন শুধু সমালোচনা নয়, সরাসরি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি রেজাউল করিম রনি। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে রেজাউল করিম রনির আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৭ মার্চ আলোচিত দাবি সংবলিত একটি ফটোকার্ড পোস্ট হতে দেখা যায়।
‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (১, ২, ৩)। যা থেকে নিশ্চিত হওয়া যে আলোচিত দাবির ফটোকার্ডটিও ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই প্রচার করা হয়েছে।
সুতরাং, রেজাউল করিম রনি ‘আপনি চাইলেই এখন আর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘খাম্বা তারেক’ বলতে পারেন না। এটা এখন শুধু সমালোচনা নয়, সরাসরি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক মোল্লার দেশ- Facebook Post


