রিকশাচালক সুজন ‘জয় বাংলা, জয় শেখ হাসিনা’ শীর্ষক স্লোগান দিয়েছেন দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, আলোচিত রিকশাচালক মো. সুজনের জয় বাংলা স্লোগান দেওয়ার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে শোনা যায় মো. সুজন বলছেন, জয় বাংলা, জয় শেখ হাসিনা।

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত সবচেয়ে ভিডিওটি তিন লাখের ওপরে ভিউ হয়েছে। এছাড়া, পোস্টটিতে পাঁচ হাজারের ওপরে প্রতিক্রিয়া দেখানো হয়েছে ও দুইশোর ওপরে মন্তব্য করা হয়েছে। পাশাপাশি, পোস্টটি প্রায় পাঁচশোবার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মো. সুজন ‘জয় বাংলা জয় শেখ হাসিনা’ স্লোগান দেননি এবং প্রচারিত ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ২০ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওতে থাকা সুজনের পোশাক, ব্যাকগ্রাউন্ড, হাতে থাকা মাইক্রোফোন, সামনে থাকা গণমাধ্যমের বুম এবং সুজনের দুই পাশে থাকা ব্যক্তিদের মিল রয়েছে।

চ্যানেল ২৪ এর ভিডিওতে সুজনকে ‘জয় বাংলা, জয় শেখ হাসিনা’ এরূপ কোনো স্লোগান দিতে শোনা যায়নি। ভিডিওতে নিয়ে ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন কেনা প্রসঙ্গে গণমাধ্যমের সাথে কথা বলতে দেখা যায়।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর পারিপার্শ্বিক উপাদানেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
এরপর আলোচিত ভিডিওটি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। উক্ত টুলের বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ।

অর্থাৎ, আলোচিত রিকশাচালক মো. সুজনের ‘জয় বাংলা, জয় শেখ হাসিনা’ স্লোগানের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
সুতরাং, ডিপফেক প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত রিকশাচালক মো. সুজনের ‘জয় বাংলা, জয় শেখ হাসিনা’ স্লোগান দিয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Channel 24- এনসিপির মনোনয়ন নিলেন স্যালুট দেওয়া সেই রিকশা চালক
- Rumor Scanner’s Own Analysis

