আ.লীগের নৈরাজ্য সৃষ্টির পেছনে মির্জা ফখরুল ও সালাহউদ্দিনকে দায়ী করেননি রিজভী, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “আঃলীগের নৈরাজ্য সৃষ্টির পিছনে মির্জা ফখরুল ও শালা উদ্দিনের মতো ৮/১০ জন বিএনপি নেতা জড়িত” শীর্ষক শিরোনামে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ছবি সংযুক্ত করে রিজভীর বক্তব্য দাবিতে মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে জড়িয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আলোচিত মন্তব্যটি করেননি এবং চ্যানেল২৪ও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১২ নভেম্বর উল্লেখ রয়েছে।
চ্যানেল২৪ এর লোগোর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ১২ নভেম্বরে “১৩ তারিখ দেশে কিছু একটা ঘটাবে, আন্ডারগ্রাউন্ডে বসে এ সাহস তারা কোথায় পাচ্ছে?: রিজভী” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘১৩ তারিখ দেশে কিছু একটা ঘটাবে, আন্ডারগ্রাউন্ডে বসে এ সাহস তারা কোথায় পাচ্ছে?: রিজভী’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘আঃলীগের নৈরাজ্য সৃষ্টির পিছনে মির্জা ফখরুল ও শালা উদ্দিনের মতো ৮/১০ জন বিএনপি নেতা জড়িত’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “গত ১১ নভেম্বর বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষ্যে আলোচনা সভায় রিজভী বলেন, ডক্টর ইউনূসকে বার বার বলেছি, (আওয়ামী) দোসর যারা আছে তাদের বিষয়ে সতর্ক থাকুন। আন্ডারগ্রাউন্ডে বসে ১৩ তারিখে দেশে কিছু একটা ঘটাবে, এই সাহস কোত্থেকে পাচ্ছে? সরকার আরও সজাগ ও তৎপর হলে এই নাশকতার সুযোগ তারা পেতো না।..”
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।
সুতরাং, রুহুল কবির রিজভী বলেছেন “আঃলীগের নৈরাজ্য সৃষ্টির পিছনে মির্জা ফখরুল ও শালা উদ্দিনের মতো ৮/১০ জন বিএনপি নেতা জড়িত” শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel24 – Facebook Post
- Channel24 – ১৩ তারিখ দেশে কিছু একটা ঘটাবে, আন্ডারগ্রাউন্ডে বসে এ সাহস তারা কোথায় পাচ্ছে?: রিজভী
- Rumor Scanner’s analysis

