“তারেক প্রধানমন্ত্রী না হলে লেবু ৪০০ টাকা হালিতে কেনা লাগতো” এমন মন্তব্য করেননি রুহুল কবির রিজভী

রমজান মাসকে কেন্দ্র করে লেবুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। গণমাধ্যম দ্য ডেইলি স্টার-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে লেবু সর্বোচ্চ ২০০ টাকা হালি দরে বিক্রি হয়েছে।

এই প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন “তারেক প্রধানমন্ত্রী না হলে লেবু ৪০০ টাকা হালিতে কেনা লাগতো।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক প্রধানমন্ত্রী না হলে লেবু ৪০০ টাকা হালিতে কেনা লাগতো।’ শীর্ষক মন্তব্য করেননি রুহুল কবির রিজভী। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে Ranatv নামের একটি লোগো রয়েছে। এটির সূত্র ধরে ‘Rana Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত উক্ত ফটোকার্ডের মূল উৎস পাওয়া যায়। মূলত এই ফটোকার্ড থেকেই আলোচিত ভুয়া দাবিটির সূত্রপাত হয়েছে।

সংশ্লিষ্ট ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পেজটি স্যাটায়ার বা হাস্যরসাত্মক পেজ।

পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে “Rana TV আপনার কথা, মনের কথা—এমনকি লুকানো কথা বলতে চাওয়া বা না–চাওয়া কথাও স্যাটায়ার আকারে তুলে ধরে। খেলাধুলা, রাজনীতি, সমাজ কিংবা দৈনন্দিন জীবনের ঘটনা হাস্যরসের সঙ্গেই পরিবেশনা করি। সিরিয়াস নেবেন না— ভাল লাগলে উপভোগ করুন!” অর্থাৎ, পেজটি নিজেই তাদের কনটেন্টকে ব্যঙ্গধর্মী ও অবাস্তব উপস্থাপনা হিসেবে ঘোষণা করেছে। পেজটির পূর্ববর্তী পোস্টগুলো পর্যালোচনায় একই ধরনের তথ্যপ্রমাণহীন ও সার্কাজমভিত্তিক একাধিক কনটেন্ট পাওয়া গেছে (,,)।

পাশাপাশি, অন্য কোনো বিশ্বস্ত মাধ্যমেও রুহুল কবির রিজভীর এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘তারেক প্রধানমন্ত্রী না হলে লেবু ৪০০ টাকা হালিতে কেনা লাগতো।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: