উপদেষ্টা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে সমকালের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে ‘আগামী সরকারের জন্য উপদেষ্টা রিজওয়ানার উপদেশ, পাটের তৈরি কনডমের প্রচারণা যেন বন্ধ না হয়’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক পত্রিকা সমকালের ফটোকার্ড ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এমন কোনো মন্তব্য করেননি এবং সমকালও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকাল কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক সমকালের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৫ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে সমকালের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সমকালের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, সমকালের ফেসবুক পেজে গত ২৫ জানুয়ারি ‘আগামী সরকারের জন্য উপদেষ্টা রিজওয়ানার সাত দফা ‘পরিবেশ এজেন্ডা’’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, সমকালের লোগো এবং রিজওয়ানা হাসানের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে সমকালে প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত সমকালের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পরিবেশ সুরক্ষা ও দূষণ রোধে আগামী সরকারকে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণসহ সাতটি গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করার সুপারিশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই সাত ইস্যুতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও কার্যকর বাস্তবায়ন হলে দেশের পরিবেশ পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসবে। গত ২৪ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘ম্যানিফেস্টো টক ৪: রাজনৈতিক দলগুলোর সবুজ প্রতিশ্রুতি’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

এছাড়া, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, পরিবেশ উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘আগামী সরকারের জন্য উপদেষ্টা রিজওয়ানার উপদেশ, পাটের তৈরি কনডমের প্রচারণা যেন বন্ধ না হয়’ শিরোনামে সমকাল এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: