‘প্রচুর ধর্ষণের হুমকি পাচ্ছি, জামায়াতের বিরুদ্ধে মামলা করবো’ বলে মন্তব্য করেননি রিজওয়ানা

সম্প্রতি নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে বিক্ষোভ ও বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এরই পরিপ্রেক্ষিতে সৈয়দা রিজওয়ানা হাসানের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে তাকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘প্রচুর ধর্ষণের হুমকি পাচ্ছি, জামায়াতের বিরুদ্ধে মামলা করবো।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘প্রচুর ধর্ষণের হুমকি পাচ্ছি, জামায়াতের বিরুদ্ধে মামলা করবো’ শীর্ষক মন্তব্য করেননি সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো।
এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, C16 Archive নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়। পেজটি থেকে গত ৬ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “Laugh • Think • Repeat.” পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (১,২,৩)। যা থেকে নিশ্চিত হওয়া যে আলোচিত দাবির ফটোকার্ডটিও ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই প্রচার করা হয়েছে।
সুতরাং, সৈয়দা রিজওয়ানা হাসান ‘প্রচুর ধর্ষণের হুমকি পাচ্ছি, জামায়াতের বিরুদ্ধে মামলা করবো’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- C16 Archive-Facebook Post
- Rumor Scanner’s analysis

