‘জামাত আমাকে অনেক কু প্রস্তাব দিয়েছিল, রাজি হইনি‘ বলে মন্তব্য করেননি রিজওয়ানা হাসান

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘জামাত আমাকে অনেক কু প্রস্তাব দিয়েছিল, রাজি হইনি।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামাত আমাকে অনেক কু প্রস্তাব দিয়েছিল, রাজি হইনি’ শীর্ষক মন্তব্য করেননি সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘বাংলা ভিষন টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ৫ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘GojobVision’ এর লোগো রয়েছে।
‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, দুদক আলোচিত মন্তব্যটি না করলেও জাতীয় দৈনিক সমকালের সূত্রে জানা যায়, রাজনীতি ও সমাজে নারীবাদ, নারীর ক্ষমতায়ন এবং সমান অংশগ্রহণ নিয়ে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই বক্তব্য নিয়ে সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। তবে বিষয়টিকে খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা বলে দাবি করেছেন সাবেক এই উপদেষ্টা।
রাজধানীর মগবাজারে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে আমরা নানা অভিযোগ ইতোমধ্যেই তুলে ধরেছি। কিছু আসনের বিষয়ে আদালতেও যাওয়া হয়েছে। এ বিষয়ে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, যিনি সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান। সরকারের কাছে দাবি থাকবে, রিজওয়ানা হাসানকে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।
সুতরাং, সৈয়দা রিজওয়ানা হাসান ‘জামাত আমাকে অনেক কু প্রস্তাব দিয়েছিল, রাজি হইনি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- GojobVision – Facebook Post
- Rumor Scanner’s analysis

