সম্প্রতি, সড়ক থেকে বৃষ্টির পানি অপসারণে উন্নত প্রযুক্তি ব্যবহারের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচার হওয়া ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
প্রচারিত ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে ‘Ai creators’ নামক একটি টিকটক অ্যাকাউন্টে গত ০৪ জুন প্রকাশিত আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে ভিডিওটিকে ‘AI-generated media’ বলে চিহ্নিত করা হয়। এছাড়া, অ্যাকাউন্টটির বায়োতে এটিকে ‘পেশাদার এআই ভিডিও নির্মাতা’ উল্লেখ করা হয়। অ্যাকাউন্টটিতে ‘অত্যাধুনিক প্রযুক্তি, ভবিষ্যৎ আবিষ্কার ও উন্নত নগর’ ধারনার ভিত্তিতে এআই ভিডিও নির্মাণ করা হয় এবং এ ধরণের বেশকিছু ভিডিও প্রকাশ করা হয়েছে।
পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দৃশ্যপটে রাস্তার ডান পাশের লেনে একটি স্কুটি বিপরীতে দিকে চলতে শুরু করে এবং একটি গাড়ির সাথে ধাক্কার পর অদৃশ্য হয়ে আবার ভিন্ন দিক দিয়ে বের হয়ে আসে। এ ধরনের হঠাৎ পরিবর্তন ও দৃশ্যগত অসামঞ্জস্য সাধারণত এআই-নির্মিত ভিডিওর বৈশিষ্ট্য।
উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Detect’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

সুতরাং, সড়ক থেকে বৃষ্টির পানি অপসারণে উন্নত প্রযুক্তি ব্যবহারের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Ai creators – TikTok Video
- Hive Detect – Website


