লাইভ চলাকালীন সময়ে তেল আবিবে মিসাইল হামলার দৃশ্য দাবিতে রোমানিয়ার পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরণের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি লাইভ চলাকালীন সময়ে তেল আবিবে মিসাইল হামলার দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান সংঘাতে লাইভ চলাকালীন সময়ে তেল আবিবে মিসাইল হামলার দৃশ্যের নয় বরং, ২০২৩ সালের ২৬ আগস্টে রোমানিয়ায় হওয়া বিস্ফোরণের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম ‘ইউরোনিউজ’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৮ আগস্টে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের এক পর্যায়ে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনে ভিডিওটি রোমানিয়ায় হওয়া বিস্ফোরণের দৃশ্য বলা হয়। ইউটিউব ভিডিওটির বর্ণনা অংশে এ বিষয়ে বিস্তারিত সংবাদ প্রতিবেদনের লিঙ্কের সংযুক্তি পাওয়া যায়।

ইউরোনিউজের বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, ‘রোমানিয়ার বুখারেস্ট থেকে ৩০ কিলোমিটার দূরে একটি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (LPG) স্টেশনে শনিবার (২৬ আগস্ট ২০২৩) রাতে দুটি বিস্ফোরণে অন্তত দুইজন নিহত এবং আরও ডজনখানেক মানুষ আহত হয়েছে বলে রোমানীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে। এই ঘটনায় অন্তত ৫৬ জন আহত হয়েছে এবং ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে আটটি আবাসিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং আরও ১১টি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ (অনূদিত)
এছাড়াও, অনুসন্ধানে পূর্ব ইউরোপীয়ান সংবাদমাধ্যম ‘নেক্সটা’ এর এক্স অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৭ আগস্টে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে দুইটি ভিডিওরও সংযুক্তি পাওয়া যায় যার একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। এ বিষয়ে এক্স পোস্টের ক্যাপশনেও ভিডিওটি রোমানিয়ার বিস্ফোরণের বলা হয়।
সুতরাং, চলমান সংঘাতে লাইভ চলাকালীন সময়ে তেল আবিবে মিসাইল হামলার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ২৬ আগস্টে রোমানিয়ায় হওয়া বিস্ফোরণের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- euronews – Bucharest: At least two people dead following explosions at LPG station
- euronews – Bucharest: At least two people dead following explosions at LPG station
- NEXTA – X Post
- Rumor Scanner’s analysis

