বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় ঘিরে তার জন্মস্থানে ড্রোন শোর দাবিতে এআই ভিডিও প্রচার

স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন, তিনি নিজের শেষ বিশ্বকাপ ম্যাচটি খেলে ফেলেছেন। তবে পর্তুগালের হয়ে এটিই তার শেষ ম্যাচ ছিল কি না, সে বিষয়ে তিনি কোনো “হঠকারী সিদ্ধান্ত” নেবেন না বলে জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরা দ্বীপে ড্রোন শোর মাধ্যমে তাকে বিদায় জানানো হয়েছে। ভিডিওতে কথিত ড্রোন শোর মাধ্যমে পর্তুগালের পতাকার নিচে ৭ নম্বর জার্সি পরিহিত রোনালদোর আদলে তৈরি একটি অবয়বকে তার বিখ্যাত ‘সিউউউ’ গোল উদ্‌যাপনের ভঙ্গি করতে দেখা যায়।

এ বিষয়ে গণমাধ্যমে প্রচারিত দাবি দেখুন: ইত্তেফাক, দ্য নিউজ, ঢাকা টুডে, বাংলা টিভি

একই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবি দেখুন: ফেসবুক, টিকটক, ইন্সটাগ্রাম। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রোনালদোকে নিয়ে তার জন্মস্থানে ড্রোন শোর দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি একটি ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ব্রাজিলিয়ান বহুমাত্রিক ক্রীড়া ও বিনোদন চ্যানেল ক্যাজেটিভির ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ৭ জুলাই একই দৃশ্যসংবলিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এআই দিয়ে তৈরি ভিডিওটিতে পর্তুগালের মাদেইরা দ্বীপে ড্রোন শোর মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় কেমন হতে পারে, তা দেখানো হয়েছে। ভিডিওটির ক্রেডিট দেওয়া হয়েছে Seihan AIfilms নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে।

পরবর্তীতে, একই দিনে ওই ইনস্টাগ্রাম প্রোফাইলেও একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে ভিডিওটি তৈরিতে ব্যবহৃত প্রম্পট পেতে অনুসারীদের “CR7” কমেন্ট করতে বলা হয়েছে, যা ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এছাড়া, অ্যাকাউন্টটি ওই পোস্টে এআই ভিডিও তৈরির প্ল্যাটফর্ম পিক্সভার্সকে ট্যাগ করে ভিডিওটি ওই টুল দিয়ে তৈরি হয়েছে বলেও উল্লেখ করেছে।

ইনস্টাগ্রাম প্রোফাইলটির বায়োতে নিজেকে এআই ভিডিও নির্মাতা ও ডিজিটাল চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রোফাইলটিতে মেসিনেইমারকে জড়িয়েও একই ধরনের ড্রোন শোর এআই ভিডিও পাওয়া যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম আলোচিত ভিডিওটি এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে পরীক্ষা করে। পরীক্ষায় ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল পাওয়া যায়।

এছাড়াও, বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর রোনালদোর জন্মস্থানে তাকে নিয়ে এমন কোনো ড্রোন শো আয়োজনের তথ্য বিশ্বস্ত কোনো মাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৬ বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর রোনালদোর জন্মস্থানে তাকে নিয়ে ড্রোন শো করা হয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

তথ্যসূত্র

Share: