গত ৬ নভেম্বর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই প্রেক্ষিতে অনলাইনে একটি অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুনের দৃশ্যের।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি এককভাবে ৬ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৯ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুনের দৃশ্যের নয় বরং, গত ১৬ অক্টোবরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় লাগা আগুনের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর সাংবাদিক মিরাজ হোসেন গাজী’র ফেসবুক পেজে গত ১৬ অক্টোবরে প্রচারিত একটি ফেসবুক লাইভ ভিডিও সম্প্রচার পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়।

ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের বিষয়ে ভিডিওতে মিরাজ হোসেন গাজী বলেন, চট্টগ্রামের ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য ভিডিওতে প্রদর্শিত হয়েছে। এছাড়াও, মিরাজ হোসেন গাজীর ফেসবুক পেজে একইদিনে একই ঘটনার আরো একাধিক ভিডিও প্রচার হতে দেখা যায়।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ একাধিক মূলধারার গণমাধ্যমে গত ১৬ অক্টোবরে সংবাদ প্রতিবেদনে প্রকাশ হতে দেখা যায়। প্রতিবেদনের তথ্যমতে, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) গত ১৬ অক্টোবর বেলা আড়াইটার দিকে ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুন লেগেছে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গত ১৬ অক্টোবরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় লাগা আগুনের দৃশ্য।
সুতরাং, গত ১৬ অক্টোবরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় লাগা আগুনের দৃশ্যকে সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Meraj Hossen Gazi – Facebook Post
- Prothom Alo – চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন
- The Daily Star – চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট
- Rumor Scanner’s analysis


