কুষ্টিয়ার নয়, রোজী আকতার নিয়োগ পেয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে

মূলধারার গণমাধ্যম যমুনা টিভি আজ এক ফেসবুক পোস্টে দাবি করেছে, কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক রোজী আকতার।
এ সংক্রান্ত দাবির ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রোজী আকতার কুষ্টিয়ার জেলা প্রশাসক হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রোজী আকতার। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একই প্রজ্ঞাপনে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। মো. সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
প্রজ্ঞাপনটির একটি কপি রিউমর স্ক্যানারের কাছেও এসেছে। প্রজ্ঞাপন থেকে একই তথ্যই জানা যাচ্ছে।

ফটোকার্ডে থাকা ছবিটি রিভার্স সার্চ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একই ছবি পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, রোজী আকতার মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট-১ শাখা) পদে কর্মরত ছিলেন।
কুমিল্লা ও সিলেট ছাড়া আজ কুষ্টিয়া কিংবা দেশের আর কোনো জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের খবর পাওয়া যায়নি। তবে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আজ।
সুতরাং, কুমিল্লায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া রোজী আকতার কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বলে দাবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel 24 : কুমিল্লার নতুন জেলা প্রশাসক রোজী আকতার

