হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনের পর গত ১১ জুলাই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী কারামুক্ত হয়েছেন বলে জানা যায়। কারামুক্ত হয়েই তিনি চট্টগ্রামে বন্যার্তদের সহায়তার জন্যে ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।
ভিডিওটিতে দুটি ভিডিও ফুটেজ ও দুটি ছবি দেখতে পাওয়া যায়। প্রথম ফুটেজটিতে ট্রাকে করে ত্রাণ বহন করতে দেখা যায়। অপরটিতে আরএস ফাহিমকে ট্রাকে বসে ঘুরতে দেখা যায়। ভিডিওতে দেখতে পাওয়া ছবিগুলোতে ফাহিমকে একই পোশাকে স্বেচ্ছাসেবকদের সাথে বন্যার্তদের জন্যে নিয়ে যাওয়া ত্রাণ বহণ করতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই ভিডিওটি থ্রেডসেও প্রচার করা হয়। থ্রেডসে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
প্রতিবেদনটি প্রকাশিত হওয়া অবধি উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও-ই দেখা হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৪ হাজার ৮০০ টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং প্রায় শখানেক মন্তব্য করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জামিনে মুক্তি পেয়ে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমের চট্টগ্রামে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটিতে ব্যবহৃত ফুটেজ ও ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের বন্যার সময় আরএস ফাহিম এবং তার স্টান্ট কমিউনিটি MSVZ Bangladesh এর সৌজন্যে ত্রাণ সহায়তা বিতরণের পুরোনো ছবি ও ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরি করে তা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের সুবিধার্থে ভিডিওটিতে দেখতে পাওয়া ফুটেজ ও ছবিগুলোকে আলাদা আলাদাভাবে ক্রমান্বয়ে যাচাই করে রিউমর স্ক্যানার।
ভিডিও যাচাই ১
আলোচিত ভিডিওর শুরুতে দেখতে পাওয়া ত্রাণবাহী ট্রাকের ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে LX Pranto নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২২ আগস্ট ফুটেজটির একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়।

পোস্টটিতেও ফাহিমকে মেনশন করতে লক্ষ্য করা যায়। অ্যাকাউন্টটিতে একইদিনে করা আরও দুটি পোস্ট পর্যালোচনা করে জানা যায়, সেসময় কুমিল্লার চৌদ্দগ্রাম বন্যাকবলিত ছিল। ফাহিম এবং তার স্টান্ট কমিউনিটি MSVZ Bangladesh বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ সহায়তা নিয়ে যায়। অর্থাৎ, আরএস ফাহিম চৌধুরীর ত্রাণবাহী ট্রাকের ভিডিও ফুটেজটি চলমান বন্যার নয়।
ভিডিও যাচাই ২
পরবর্তীতে দেখতে পাওয়া ট্রাকে ফাহিমের ঘুমানোর ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে Tawhid Afridi & Rs Fahim Chaudhary Fans নামের একটি ফেসবুক পেজে একই ভিডিওটি ২০২৪ সালের ২৫ আগস্ট প্রচারিত হতে দেখা যায়। অর্থাৎ, এই ভিডিওটিও এ বছরের বন্যার সাথে সম্পর্কিত নয়, বরং ২০২৪ সালের বন্যার সময়কার।

ছবি যাচাই ১
আলোচিত ভিডিওটিতে দেখতে পাওয়া ফাহিদের ত্রাণ সামগ্রী বহনের প্রথম ছবিটির বিষয়ে অনুসন্ধানেও একই বিষয় লক্ষ্য করা যায়। উক্ত ছবিটির স্থানেই ধারণ করা তার আরেকটি ছবির সন্ধান পায় রিউমর স্ক্যানার।

ছবিটি সংবলিত এই পোস্টটিও ২০২৪ সালের ২৪ আগস্টে প্রকাশ করা হয়। পোস্টটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি সে বছরের বন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ত্রাণ বিতরণের সময়ের।
ছবি যাচাই ২
ত্রাণ সামগ্রী বহনের দ্বিতীয় ছবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, এটিও ২০২৪ সালের বন্যার সময় কুমিল্লার চৌদ্দগ্রামে ত্রাণ বিতরণের সময় ধারণ করা। সেসময় তার সাথে ত্রাণ বিতরণে যাওয়া Nayem Khan নামের একজনের ফেসবুকে পোস্ট থেকে এটি নিশ্চিত হওয়া যায়।

উক্ত পোস্টটি সে বছরের ২৪ আগস্ট করা হলেও ক্যাপশনে তিনি উল্লেখ করেন ছবিগুলো ২৩ আগস্টের। এছাড়াও লক্ষ্য করা যায়, আগের ছবিটি এবং দ্বিতীয় এই ছবিটি একই স্থানেই তোলা হয়েছে।
অর্থাৎ, ২০২৪ সালের বন্যাকালীন সময়ে আরএস ফাহিমের ত্রাণ সামগ্রী বিতরণ ও বহনের পুরোনো ছবি ও ভিডিওকে সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে চট্টগ্রামে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে। তবে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ত্রাণ সহায়তা চট্টগ্রামে নিয়ে গিয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রিউমর স্ক্যানার।
সুতরাং, জামিনে মুক্তি পেয়ে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী চট্টগ্রামে ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছেন দাবিতে তার ত্রাণ বিতরণের পুরোনো ছবি ও ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


