গণমাধ্যমের স্বাধীনতা সূচক – ২০২৬ এ বাংলাদেশের অবনমনের দায় বিএনপি সরকারের নয়, অন্তর্বর্তীকালীন সরকারের

সম্প্রতি ফ্রান্স ভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (ফরাসি: Reporters sans frontières; RSF) বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতার সূচক -।২০২৬ প্রকাশ করেছে। এতে গত বছরের চেয়ে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৫২তম অবস্থানে রয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে এ অবনতির জন্য বিএনপি সরকারকে দায়ী করে নানা পোস্ট প্রচার করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এ কারণে বিএনপি সরকারকে দায়ী করে পোস্ট করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রিপোর্টার্স উইদাউট বডার্স/আরএসএফ কর্তৃক প্রকাশিত গণমাধ্যমের স্বাধীনতা সূচক ২০২৬ এ বাংলাদেশ তিন ধাপ পিছিয়ে ১৫২তম অবস্থানে আসলেও এজন্য বিএনপি সরকার দায়ী নয়। প্রকৃতপক্ষে এ সূচকটিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালকে বিবেচনা করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে রিপোর্টার্স উইদাউট বডার্স (ফরাসি: Reporters sans frontières; RSF) নামক ফ্রান্স ভিত্তিক সংস্থাটির ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে তাতে নিয়মিতভাবে বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতার সূচক প্রকাশ করতে দেখা যায়। এতে ২০২৬ সালের সূচকে বাংলাদেশের অবস্থান দেখা যায় ১৫২তম, ২০২৫ সালে যা ছিল ১৪৯তম, ২০২৪ সালে যা ছিল ১৬৫তম এবং ২০২৩ সালে ছিল ১৬৩তম।
বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম আরএসএফ (RSF) এর দক্ষিণ এশিয়া ডেস্কের প্রধান সেলিয়া মার্সিয়ার সাথে যোগাযোগ করে। তিনি নিশ্চিত করেন, ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকের জন্য ব্যবহৃত তথ্যগুলো শুধুমাত্র ২০২৫ সালের ঘটনাবলিকে বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে। ফলে ২০২৬ সালে ঘটে যাওয়া কোনো ঘটনা বা পরিবর্তন, এমনকি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির পরের ঘটনাগুলোও, এ বছরের র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হয়নি।
তিনি এ বিষয়ে আরএসএফের ওয়েবসাইটে থাকা আলোচিত সূচক নির্ধারণের পদ্ধতি পড়ারও পরামর্শ দেন, যেখানে সূচকের জন্য বিবেচিত সময়কাল উল্লেখ রয়েছে। বলা হয়েছে, এই সূচকটি সাধারণত প্রকাশের পূর্ববর্তী ক্যালেন্ডার বছরের (জানুয়ারি-ডিসেম্বর) পরিস্থিতির একটি প্রতিফলন।
অর্থাৎ, এ থেকে স্পষ্ট যে এ বছর প্রকাশিত গণমাধ্যম স্বাধীনতার সূচকটিতে মূলত ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এর সময়কালকে বিবেচনা করা হয়েছে।
উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে আরএসএফের এ বছরের গণমাধ্যমের স্বাধীনতা সূচকটিতে বিএনপি সরকারের কোনো নীতির প্রতিফলন বা প্রভাব ছিল না। তাই এজন্য বিএনপি সরকারকে দায়ী করা অযৌক্তিক।
সুতরাং, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালের গণমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতি বিবেচনা করে তৈরিকৃত সূচকে বাংলাদেশের অবনমনের দায় বিএনপি সরকারের বলে দাবি করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- RSF – Bangladesh
- RSF – Methodology
- Statement of Célia Mercier, Head of the RSF South Asia Desk, RSF
- Rumor Scanner’s analysis

