নির্বাচনে ভোট দিতে যেতে মানা করেননি সেনাপ্রধান, আরটিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ছবি ব্যবহার করে ‘ভোট দিতে যাবেন না ভোটকেন্দ্র। ভোট বর্জন করুন নিরাপত্তার জন্য এবং দেশকে বাঁচানোর জন্য দেশের গরীব মানুষকে বাঁচানোর জন্য ভোটকেন্দ্রে যাবেন না।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

টিকটকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে। টিকটকে পোস্টটি দেখা হয়েছে প্রায় ২৭ হাজার বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোট দিতে যেতে মানা করে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির ফটোকার্ডের ডিজাইনের সাথে এর সাদৃশ্য পাওয়া যায় এবং এতে তারিখ হিসেবে ‘১৯ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৯ জানুয়ারি একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। আরটিভির ফটোকার্ডে ‘কোনো দলের পক্ষ নেওয়া যাবে না। ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে ‘ভোট দিতে যাবেন না ভোটকেন্দ্র। ভোট বর্জন করুন নিরাপত্তার জন্য এবং দেশকে বাঁচানোর জন্য দেশের গরীব মানুষকে বাঁচানোর জন্য ভোটকেন্দ্রে যাবেন না।’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

এছাড়াও আরটিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত আরটিভির ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না। ১৮ জানুয়ারি ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সাথে দরবার এবং কর্মকর্তাদের সাথে অফিসার্স অ্যাড্রেসে, সেনাপ্রধান এসব নির্দেশনা দেন। সভায় ঢাকার বাইরে অবস্থানরত সেনাকর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। তবে উক্ত প্রতিবেদনে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধানের মন্তব্য দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: