তারেক রহমানকে জড়িয়ে মাহদী আমিনের মন্তব্য দাবিতে আরটিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘নেতাকর্মীদের চাঁদাবাজির বিপরীতে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণার পরেও জনাব তারেক রহমান সাহেব ভোটের মাঠে অনিশ্চয়তার মধ্যে আছে’ শীর্ষক তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যমে আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নেতাকর্মীদের চাঁদাবাজির বিপরীতে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণার পরেও জনাব তারেক রহমান সাহেব ভোটের মাঠে অনিশ্চয়তার মধ্যে আছে’ শীর্ষক কোনো মন্তব্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন করেননি এবং উক্ত শিরোনামে আরটিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আরটিভির ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আরটিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৬ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে আরটিভির ফেসবুক পেজে ২৬ জানুয়ারি মাহদী আমিনের বক্তব্য সংবলিত ‘ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘নেতাকর্মীদের চাঁদাবাজির বিপরীতে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণার পরেও জনাব তারেক রহমান সাহেব ভোটের মাঠে অনিশ্চয়তার মধ্যে আছে’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ২৯২ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এর মধ্যে ২৩৭ জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন। সোমবার ২৬ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাদের মধ্যে ৮৫ জনেরই ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে ১৯ জন বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, মাহদী আমিন ‘নেতাকর্মীদের চাঁদাবাজির বিপরীতে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণার পরেও জনাব তারেক রহমান সাহেব ভোটের মাঠে অনিশ্চয়তার মধ্যে আছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- R tv : Facebook Post
- R tv : Website
- R tv : ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত

