কালের কণ্ঠের আদলে ভুয়া ওয়েবসাইট, রুবানা হকের ডিপফেক ভিডিও দিয়ে বিনিয়োগ প্রতারণা

সম্প্রতি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ও মোহাম্মদী গ্রুপের চেয়ারপার্সন ড. রুবানা হককে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এটিএন বাংলা নিউজের সংবাদের নাম ব্যবহার করে সেখানে একটি ভিডিও প্রকাশ হয়। ভিডিওটিতে দাবি করা হয়েছে যে ড. রুবানা হক ফ্লোভেন্ট্রা নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে মানুষ বিনিয়োগ করলে অবিশ্বাস্য রকমের লাভ পাবে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুবানা হক নতুন বিনিয়োগ প্ল্যাটফর্ম সংক্রান্ত কোনো বক্তব্য দেননি, এটিএন বাংলাও এমন কোনো সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, রুবানা হকের পুরোনো একটি বক্তব্যের ভিডিওতে ডিপফেক প্রযুক্তির ব্যবহারে আলাদা অডিও যুক্ত করে এটিএন বাংলার লোগো এবং কালের কণ্ঠের আদলে ভুয়া ওয়েবসাইট বানিয়ে ভিত্তিহীন দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে Karllos Ribeiro নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রচার হতে দেখা যায়। ২০১৮ সালে খোলা পেজটিতে একটি ফোন নাম্বার (+55 89 9444-1355) দেওয়া রয়েছে। ডায়ালিং কোড অনুযায়ী, নাম্বারটি ব্রাজিলের। পেজটি পর্যালোচনায়ও এটি ব্রাজিল থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বলে প্রতীয়মান হয়।
১৩ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি পর্যালোচনায় এটিএন বাংলার একজন সংবাদ উপস্থাপিকাকে এ সংক্রান্ত একটি সংবাদের বিষয়ে বলতে দেখা যায়। সংবাদ প্রতিবেদনের ভিডিওতে রুবানা হককে বলতে শোনা যায়, আমি একটি প্ল্যাটফর্ম চালু করেছি যা ইতোমধ্যেই হাজার হাজার বাংলাদেশির জীবন বদলে দিয়েছে। এই সিস্টেমটি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে তৈরি। তিনি জানান, ২৫ হাজার টাকা বিনিয়োগ করলে দিনে ব্যবহারকারীরা উপার্জন করছেন ৫০ হাজার টাকা পর্যন্ত, যা সাপ্তাহিক আড়াই লাখ টাকার বেশি।
রিভার্স ইমেজ সার্চ করে একই ভিডিওটি পাওয়া যায় জাতীয় দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজে। ২০১৯ সালের ২৮ এপ্রিলের ভিডিওতে রুবানা হককে একই ভঙ্গিতে দাঁড়িয়ে একই পোশাক পরিহিত অবস্থায় বক্তব্য দিতে দেখা যায়। তবে তার বক্তব্যের সাথে সাম্প্রতিক ভিডিওর বক্তব্যের মিল পাওয়া যায়নি। সাত বছর আগের পুরোনো ভিডিওতে তিনি নতুন কোনো বিনিয়োগ প্ল্যাটফর্ম আনা সংক্রান্ত আলাপই করেননি।

কি-ওয়ার্ড সার্চ করেও তার এমন কোনো বক্তব্যের হদিশ মেলেনি। এটিএন বাংলাও এমন কোনো ভিডিও প্রচার করেনি বলে নাগরিক টিভির এক সংবাদ সূত্রে জানা যাচ্ছে।
বর্তমানে প্রচারিত ভিডিওটি সূক্ষ্মভাবে খেয়াল করলে কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে। ভিডিওতে বক্তব্য দেওয়ার সময় রুবানা হকের মুখ ও ঠোঁটের নড়াচড়ায় অসামঞ্জস্যতা পাওয়া যায়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাধারণ বৈশিষ্ট্য। ফলে এআই নির্মিত বিনিয়োগ সংক্রান্ত একটি অডিও ক্লিপ যুক্ত করা হয়েছে মূল ভিডিওতে – এমনটিই প্রতীয়মান হচ্ছে।
আলোচিত ভিডিওর নিচে একটি লিংক দিয়ে সেখানে গিয়ে আগ্রহীদেরকে বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। লিংকে প্রবেশ করলে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইট সদৃশ একটি সাইটে নিয়ে যাচ্ছে। ওয়েবসাইটটি দেখতে পুরোপুরি কালের কণ্ঠের ওয়েবসাইটের মতো। তবে সাইটের ইউআরএল বা ঠিকানা ভিন্ন। কালের কণ্ঠের ওয়েবসাইটের ঠিকানা https://www.kalerkantho.com/। কিন্তু আলোচিত ওয়েবসাইটের ঠিকানা https://lumorveodeyx.club/ । গত ০৭ এপ্রিল ডোমেনটি রেজিষ্ট্রেশন করা হয়েছে। এতে রুবানা হকের নামে ভুয়া একটি সাক্ষাৎকার প্রচার করে শেষে বিনিয়োগের জন্য নাম, পদবী ও মোবাইল নাম্বার দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
ড. রুবানা হকের উদ্ধৃতি দিয়ে নাগরিক টিভি জানিয়েছে, ভিডিও ক্লিপটিতে উল্লেখিত ফ্লোভেন্ট্রা নামক প্ল্যাটফর্মটির সাথে তার কিংবা মোহাম্মদী গ্রুপের কোনো ধরণের সম্পর্ক নেই। তার নামে প্রচারিত এমন ভিডিও বার্তা দেখে কাউকে প্রতারিত না হওয়ার ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করেন।
সুতরাং, রুবানা হক কর্তৃক অনুমোদিত বিনিয়োগ স্কিম ঘোষণা দাবিতে প্রচারিত ভিডিওটি ডিপফেক।
তথ্যসূত্র
- Prothom Alo: Facebook Post
- Nagorik Tv: ড. রুবানা হককে নিয়ে ফেসবুকে ভুয়া ভিডিও, বিভ্রান্ত না হওয়ার আহবান

